বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার তালতলীতে উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু সিদ্দিক মাস্টার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সেলিম মাতুব্বর, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ঘরামীসহ কমিটির অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ঘরামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদুল হক সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জেলে শ্রমিক এবং বিভিন্ন পেশা-শ্রেণির সাধারণ মানুষ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে শ্রমিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনজীবিকা নির্বাহ করেন। এই শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার সুরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার কোনো বিকল্প নেই।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের মাধ্যমে জেলে শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।####









