রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতীরজান গ্রামের জিয়ারুল হকের ১৪ বছর বয়সী কন্যা যুথি আক্তার নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ঢাকার সবুজবাগ থানার বাগপাড়া গ্রামের দরবার গলি এলাকা থেকে যুথি আক্তার নিখোঁজ হয়। পরে তার বাবা জিয়ারুল হক মেয়ের সন্ধান চেয়ে ২৮ আগস্ট সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৯৫৬। পরিবারের সদস্যদের দাবি, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রামের সানজু মিয়ার ছেলে রাশেদ মিয়া যুথিকে অপহরণ করে নিয়ে গেছে। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে যুথির সন্ধান পাননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। দ্রæত তদন্ত করে যুথিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিখোঁজ কিশোরীর স্বজনরা। একই সঙ্গে মেয়েটি কোথায় কী পরিস্থিতিতে রয়েছে, তা দ্রæত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন। পরিবারের দাবি, একজন কিশোরী দীর্ঘদিন নিখোঁজ থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যুথির মা মাজেদা বেগম বলেন, মেয়েকে না পেয়ে তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এ বিষয়ে সবুজবাগ থানার জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই এখলাছুর রহমানের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, স্থায়ীয় চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে মিমাংসার কথা শুনেছি। সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।








