অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইউএনডিপির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে করে আমরা কারও সঙ্গে নেগোসিয়েশন করব না।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।






