আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন।
প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোডিন্সমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীও সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন বিশ্বজুড়ে একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হিসেবে পরিচিত। আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের অভিজ্ঞতা জানতে আলোচনা করেছি। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথেও আলাপ করে আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য গুরুত্বসহকারে ব্যবস্থা নিচ্ছি।”
তিনি আরও জানান, অনলাইন ভোটিং নিয়ে অনেক প্রস্তাব এসেছে, তবে এটি এখনও আন্তর্জাতিকভাবে নিরাপদ ও গ্রহণযোগ্য মডেল হিসেবে স্বীকৃত নয়। তাই আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট আয়োজনের প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ চালু হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা কমিশনের কাছে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন।
ইসি সানাউল্লাহ ব্যাখ্যা করেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার গ্রহণ থেকে শুরু করে ফেরত পাঠানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি প্রবাসীদের নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।’
মতবিনিময় সভায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে অংশগ্রহণ করেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকসহ অন্যান্যরা।







