আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার অভাব আছে কিনা জানি না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে হয়তো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আস্থার অভাব রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে সেই আস্থার জায়গা তৈরি হবে।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের সব কার্যক্রম এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত; এ নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই।







