পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের খবর সঠিক নয়। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তালিকাটি এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো এটা তিনি না করলেও পারতেন। তবে যে তালিকা সেখানে এসেছে, সেটি সঠিক নয়। এর অধিকাংশ চুক্তিই বাস্তবে নেই। শুধুমাত্র একটি চুক্তিই বাতিল হয়েছে। সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই’র সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তবে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গতকাল (সোমবার) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট একটি তালিকা দিয়ে দাবি করেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলোও বিবেচনাধীন।







