মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি, মিরসরাই পৌরসভা আহবায়ক কমিটি এবং বারইয়ারহাট পৌরসভা আহবায়ক কমিটি ঘোষণার সপ্তাহ না গড়াতেই কমিটিগুলোর কার্য্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রোববার (৩০ মার্চ) প্রথম প্রহরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্য্যক্রম সাময়িক স্থগিত করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ২৪ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। তিনটি আহবায়ক কমিটি একতরফা হওয়ায় প্রতিবাদে পদ বঞ্চিতরা বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভে ফেটে পড়েন। পরদিন ২৫ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করে নেতাকর্মীরা। পরে ২৬ মার্চ দুই পক্ষ মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কমিটির পক্ষে আনন্দ মিছিল ও বিপক্ষে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কর্মসূচী ঘোষণা করে। এতে সহিংসতা এড়াতে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে ৫ শত গজের মধ্যে উপজেলা চত্ত্বরে ১৪৪ ধারা জারি করে। বিএনপির একটি পক্ষ ১৪৪ ধারা ভেঙ্গে পুস্পস্তবক অর্পন করেন। ওইদিন বারইয়ারহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ নামে এক যুবক নিহত হয় এবং ৩০ নেতাকর্মী আহত হয়।
উপজেলা বিএনপির বিবাদমান দুইটি পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমন।
প্রসঙ্গত, ২৪ মার্চ ঘোষিত ৮৩ সদস্যের মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে আব্দুল আউয়াল চৌধুরীকে আহবায়ক এবং আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটিতে মাঈন উদ্দিন লিটনকে আহবায়ক এবং জসিম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করা হয়েছে। ৫৩ সদস্য বিশিষ্ট মিরসরাই পৌরসভা বিএনপির কমিটিতে জামশেদ আলম কমিশনারকে আহবায়ক এবং কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার জানান, মিরসরাইয়ের সাধারণ জনগন নিরাপত্তাহীনতায় থাকতে পারে এবং আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারেম তাই সাম্প্রতিক উদ্ভুদ পরিস্থিতিতে মিরসরাইয়ের জনগনের পাশে থাকার লক্ষ্যে অনুমোদিত ৩ টি কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
# এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)







