মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক
দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭
ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী
লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই
দুর্ঘটনা ঘটে। বেলা ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। নিহতরা হলো
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নুরুল
ইসলামের ছেলে শাহজাহান (৬০), একই ইউনিয়নের গাছবাড়ীয়া
গ্রামের শফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহতদের মধ্যে দুই
জনের নাম জানা গেছে। তারা হলো মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের
আনোয়ার হোসেন ও মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের
আব্দুল মান্নান।
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির
ফিরোজ জানান, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে
চট্টগ্রামুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনা পরিবহণকে পেছন দিক
থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে
এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক
হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায়
পথচারী শাহজাহান ও যাত্রী দিদার মারা যান। আহত ৪ জন চমেক
হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
(এসআই) বিপ্লব শাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর
আগেই স্থানীয় লোকজন এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে
যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।
তবে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির
ফিরোজ দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নিজামপুরের
দুর্ঘটনায় আমার এলাকার দিদার ও শাহাজাহান নামের দুই ব্যক্তি মারা
গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’








