রংপুর ব্যুরো: মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সঞ্জিত রায় (১৯) ও গাড্ডু রায় (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। আজ ২৩ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে রংপুরে সদর উপজেলার পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় ও শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায়। তারা দু’জনেই বন্ধু ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আর তার বন্ধু গাড্ডু রায় পেছনে বসেছিলেন। দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুইজনের মৃত্যু হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, নিহত দুই যুবকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।









