জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দেশে শিক্ষাখাতে বরাদ্দ কমছে এবং শিক্ষাসংস্কার কমিশন এখনও গঠন হয়নি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষাখাতে এবার জিডিপির মাত্র ১.৫৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে আফগানিস্তানেও ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতেও শিক্ষাখাতে জিডিপি বরাদ্দ ৩ শতাংশের বেশি।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান। তিনি শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে কমার কারণ এবং কেন কমিশন গঠন হয়নি, তা নিয়ে তদারকি করার আহ্বান জানান।
উপাচার্য বেকারত্বের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার ১২.৩ শতাংশ, যেখানে প্রায় ৪০ লাখ বেকার, এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও রয়েছে।
ড. কামরুল আহসান আরও বলেন, পাঠ্যক্রম সংস্কার সারা বিশ্বের একটি চলমান প্রক্রিয়া। তবে দেশের শিক্ষাব্যবস্থা মেধাভিত্তিক ও নৈতিক শিক্ষার দিকে এগোচ্ছে না। তিনি বলেন, সমাজে শুধু জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো নয়, বরং নৈতিকভাবে আলোকিত মানুষ তৈরিই মূল লক্ষ্য হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও অন্যান্য বিশিষ্ট অতিথি।








