মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগী সেজে ভিড়ের মধ্যে তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও হাসপাতালের আনসার সদস্যদের সহযোগিতায় সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সাত নারীকে আটক করা হয়। পরে তাঁদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আমিনা খাতুন (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা টিকিট সংগ্রহের জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। এ সময় ১০ থেকে ১১ জন নারী রোগীর ছদ্মবেশে লাইনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ভিড় ও ঠেলাঠেলি শুরু করেন। এ সুযোগে তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি করা হয়। চুরি যাওয়া চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্ত নারীদের হাতেনাতে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একাংশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার নারীরা একটি পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার, ধর্মীয় অনুষ্ঠানসহ জনসমাগমপূর্ণ স্থানে ভিড়ের সুযোগ নিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মোতালেব বলেন, ‘রোগীরা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ালে নারীরা ইচ্ছাকৃতভাবে ভিড় তৈরি করে গা ঘেঁষে কৌশলে কয়েকজনের স্বর্ণের চেইন চুরি করেন। আমরা কয়েকজন বিষয়টি খেয়াল করে তাঁদের হাতেনাতে ধরে ফেলি। এর আগেও পার্শ্ববর্তী কয়েকটি বাজারে চুরি করতে গিয়ে তাঁরা ধরা পড়েছেন।’
হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য মোহাম্মদ শামীম বলেন, ‘বহির্বিভাগের টিকিট কাউন্টারে নারী রোগীদের স্বর্ণালংকার চুরির বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানান। পরে তাঁদের সহযোগিতায় সাত নারীকে আটক করা হয়। এরপর পুলিশকে খবর দিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভিড়ের সুযোগে স্বর্ণের চেইন চুরির ঘটনায় সাত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা (নম্বর ২৫) হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’








