মাদকবিরোধী সংবাদ প্রচার করায় অপপ্রচারের শিকার সাংবাদিক হানিফ
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন সাংবাদিক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকে হানিফ।
তিনি অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার করায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, সামাজিকভাবে তাঁর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
বি.কে হানিফ বলেন, সাংবাদিকতার দায়িত্ববোধ থেকেই মাদক ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। সমাজকে মাদকমুক্ত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বললেই যদি কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ব্যক্তিগত সম্মানহানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।







