আশরাফুল আলম সরকার
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা এক পুরুষ রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে এ অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচার-পূর্ব প্রস্তুতি শেষে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এ সময় সহযোগিতা করেন মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মোঃ আল নাফিস। অস্ত্রোপচারে অ্যানেস্থেসিয়া প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস।
অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসক ও সেবিকাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, তীব্র চিকিৎসক-সংকট, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও শ্রীপুর উপজেলার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে হাসপাতালে অস্ত্রোপচার কার্যক্রম চালু রাখা স্থানীয় রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে অনেক রোগীকে চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যাওয়ার পরিবর্তে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগে স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে মানুষের পাশে কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, গাজীপুর।









