মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৪২) নামে সিএনজি-অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রিয়া অটো ব্রিক ফিল্ডের পেছনে এই দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফতেহ আলী ফকির বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
নিহত আবুল হোসেনের বড় ভাই আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে রেললাইনের পাশে যান আবুল হোসেন। সেখানে রেললাইনের পাশে গাড়ী রেখে সে হয়তো লাইনের উপর বসেছিল। এমন সময় ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এতে করে তার লাশ চিহ্নভিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়েছে। আবুল হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল।
স্থানীয় সিএনজি-অটোরিক্সা চালক তারেক হোসেন জানান, প্রিয়া অটো ব্রিক ফিল্ডের পেছনে রেল লাইন ঘেঁষে একটি চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করা হয়। আবুল হোসেন মাঝেমধ্যে মদ পান করতেন। হয়তো বৃহস্পতিবার মদ পান করে রেললাইনে বসার পর ট্রেন আসলেও সে সজাগ ছিল না। এতে করে তার শরীর চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গত কয়েক মাস পূর্বেও মদ্যপ অবস্থায় ওই স্থানে ট্রেনে কাটা পড়ে আরো একজন সিএনজি-অটোরিক্সা চালক নিহত হয়েছিলেন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুন্ড ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংবাদ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানায়নি। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে।







