শেখ হাসিনা বলেন, “… মুজিব কোট পরে আমরা স্বাধীনতাএনেছিলাম, সজীব কোট পরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।”
চলমান রাজনৈতিক ও আইনি চাপ মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মী আর সমর্থকদের মনোবল অটুট রাখতে ‘মুজিব কোট’-এর পরিবর্তে ‘সজীব কোট’ পরিধানের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ভোরে এক বিশেষ বার্তায় শেখ হাসিনা বলেন, “বর্তমান সময়ে সজীব কোট আমাদের ঐক্য ও প্রতিরোধের প্রতীক। মুজিব কোট পরে আমরা স্বাধীনতা এনেছিলাম, সজীব কোট পরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।”
বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ জানিয়েছে, নতুন কোটটির নকশা প্রণয়ন করেছেন সজীব ওয়াজেদ জয়। গাঢ় ধূসর সোয়েড-ধরনের কাপড়ে তৈরি, টেক্সচারে নরম কিন্তু কড়াভাব বজায় রেখে কাঁধে সামান্য সোজা কাট। কোটটির রয়েছে দুটি কৌণিক পকেট এবং একটি স্টাইলিশ ফ্ল্যাপ, যা কাঁধের কাছে আলগা ভঙ্গিতে ঝুলে থাকে।
গাঢ় নীল শার্ট, জিন্স প্যান্ট ও কালো চামড়ার জুতার সঙ্গে সজীব কোট পরার নির্দেশনা দেওয়া হয়েছে—যাতে আধুনিক ফ্যাশনের সঙ্গে প্রতিরোধ ও প্রতিবাদী মনোভাব প্রকাশ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয় নিজেই কোটটি পরে ছবি শেয়ার করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফ্যাশন আইকন ওবায়দুল কাদের বলেন, “সজীব কোট সাহসের প্রতীক। রাজনীতি শুধু বক্তব্যে নয়, বডি ল্যাঙ্গুয়েজেও বুঝিয়ে দিতে হয়। এই কোট নতুন প্রজন্মের সঙ্গে আমাদের দূরত্ব কমিয়ে আনবে।”
দলীয় সূত্র জানায়, এই কোট সমর্থকদের জন্য সুলভ মূল্যে বাজারজাত করা হচ্ছে। আগ্রহীরা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের ফেসবুক ইনবক্সে অর্ডার দিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ভারতভিত্তিক বিশ্বখ্যাত বুটিক ব্র্যান্ড ‘মোদি বুটিকস’ স্বল্প সময়ের জন্য তিনটি পুরনো মুজিব কোট জমা দিলে ৫০% ছাড়ে সজীব কোট বিক্রির ঘোষণা দিয়েছে।
ব্যক্তিগত ব্যবহারের বাইরে কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে এই কোট তৈরি করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আওয়ামী আইন উপদেষ্টা পরিষদ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে বলেন, “বহুদিন ধরেই মোদি কোটকে আওয়ামী লীগ ‘মুজিব কোট’ নামে ব্যবহার করে আসছে। এই প্রবণতা বন্ধ হওয়ায় আমরা সন্তুষ্ট। শেখ হাসিনার কৌশল রাজনৈতিক শান্তির পথ খুলে দিয়েছে।”
এদিকে, ইউনেস্কো এক বিবৃতিতে জানিয়েছে, “সজীব কোটে ব্যবহৃত হয়েছে উন্নত তথ্যপ্রযুক্তি। এক পকেটে সিম ঢুকিয়ে এটি মোবাইল ফোন এবং অন্য পকেটে ব্যাটারি স্থাপন করে ‘কোটটপ’ কম্পিউটার হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ একে নতুন মাত্রা দিয়েছে।”
সজীব কোট পরার নির্দেশনা এমন এক সময়ে এলো, যখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে সংঘটিত জুলাই গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধ এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলছে। এই প্রেক্ষাপটে সজীব কোট কতটা রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করবে, তা সময়ই বলে দেবে।
©The New York 24 | Real News, Twisted Truths








