জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতেই শুরু হয়েছে। জনবল বাড়িয়ে আজকের মধ্যে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে বিকেল ৫টার পর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় ভোট গণনা। ভোট গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি বৈঠক করেছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও আজ বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়।








