জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ও টিআইবি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। এজন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখন প্রশাসনে আছেন। তবে পতিত সরকারের এজেন্ট বা সহযোগীরা প্রশাসন ও আইন সংস্থায় নেই-এটা বলা যাবে না। আমাদের অবকাঠামো বলতে গভর্নেন্সের সুশাসন, জবাবদিহিতা, সরকার ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, সততা, শুদ্ধাচার, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটি-সবকিছুকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দাঁড় করানো হয়েছে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দ্বিগুণ দলীয় প্রভাবের মধ্যে আনা হয়েছে। তবে প্রশাসনের আইন সংস্থায় যারা আছেন, তারা শতভাগ পক্ষপাতদুষ্ট নন। কিছু কর্মকর্তা-কর্মচারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরও জানান, ‘এই তিন ধরনের শক্তির টানাপোড়েনের মধ্যেই প্রশাসন এগোচ্ছে। এটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সময়ের সঙ্গে স্থিতিশীলতা তৈরি করা এবং নতুন ধরনের পেশাদারিত্ব গড়ে তোলা সম্ভব।’







