দলিত নারী ফোরাম দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তিন দশকেরও বেশি সময় ধরে করে কাজ করে আসছে। তিনদশকের এ কর্মপ্রক্রিয়ায় দলিত নারীদের সক্রিয় অংশগ্রহণ বেড়েছে, দলিত নারীদের নিজস্ব সংগঠন তৈরি হয়েছে, যা দলিত নারী ও শিশুদের অধিকার সুরক্ষার আন্দোলনকে বেগবান করেছে।
বাংলাদেশের সংবিধানের ২৬. ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের কারণে রাষ্ট্র কারো সাথে বৈষম্য করবে না। কিন্তু বাস্তবে বাংলাদেশে দলিত জনগোষ্ঠী অন্যান্য নাগরিকদের মতো সমান অধিকার ও মর্যাদা ভোগ করে না। জাত-পাত আর অস্পৃশ্যতার কারণে তারা আজও সমাজের মূলধারার বাইরে রয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের ৬৫ লক্ষেরও বেশি দলিত জনগোষ্ঠী রয়েছে এর মধ্যে নারী সংখ্যায় প্রায় অর্ধেক, যারা পুরুষের চেয়ে অধিকতর প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
এই দলিত নারীদের মূলধারায় অর্ন্তভুক্তকরণ, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশের প্রক্রিয়াকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামীকাল ২১ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার) সকাল ১০:০০ টায় উইমেনস্ ভল্যানটারি এসোসিয়েশন (ডাব্লিউভিএ), বাড়ী নং-২০, ধানমন্ডি -২৭, ঢাকায় ‘দলিত নারী সম্মিলনী-২০২৫’ অনুষ্ঠিত হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সম্মিলনী দেশের দলিত নারীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিগণ এবং দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।







