প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ আব্দুল আজিজ আল-শেখ মঙ্গলবার সকাল ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেছেন।
প্রধান উপদেষ্টা তাঁর শোকবার্তায় বলেন, ‘শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে। ইসলামের সেবায় তাঁর আজীবন নিবেদন এবং অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।’
শেখ আব্দুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বব্যাপী তাঁর পাণ্ডিত্য ও নেতৃত্বের জন্য স্বীকৃত ছিলেন।
তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়াতে স্নাতক পাস করেন।







