রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের কক্ষে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও মালামাল চুরির ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ডিউটিরত পুলিশ সদস্যদের থাকার জন্য মন্দিরের প্রাচীরের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের কক্ষ ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে ঘুমন্ত চার পুলিশ সদস্য ও তিন আনসারের পাশ থেকে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ এবং তিনটি মোবাইল চুরি হয়। একটি ব্যাগে ৩০ রাউন্ড গুলি ছিল।
সকাল পৌনে ১০টার দিকে মণ্ডপ সংলগ্ন পতিত জমি থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। এ সময় গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
ডিসি তারেক মাহমুদ জানান, গুলি ও মালামাল উদ্ধার করা গেলেও এটি নিঃসন্দেহে দায়িত্বে অবহেলার ঘটনা। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।







