দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। সেই ক্ষোভের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রস্তাব পাঠিয়েছে। এতে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা মাসিক ১ হাজার টাকা এবং কর্মচারীদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, মাউশি, কারিগরি শিক্ষা ও মাদরাসা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য বর্তমান বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সরকারের সম্ভাব্য ব্যয়ও বিস্তারিতভাবে হিসাব করা হয়েছে।
শিক্ষক সংগঠনগুলো মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়িভাড়া দিতে চাপ দিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় চারটি বিকল্প পাঠিয়েছে-৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। প্রস্তাবে বলা হয়েছে, ২০ শতাংশ হারে বাড়িভাড়া দিলে বছরে সরকারের ব্যয় দাঁড়াবে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, শিক্ষা উপদেষ্টার অনুমোদনের পর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে ভাতা পাবেন।








