নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) ঘটনা ঘটেছে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে এনু মিয়ার বাড়িতে।
মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫), তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। তিনি গত বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট ছেলে সাইফুল্লাহকে মৃত্যুর আগে উত্তরাধিকারীদের সম্পত্তির কিছু জায়গা বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মায়ের মরদেহ দাফনের জন্য বাড়িতে আনা হলে বড় ছেলেকে বঞ্চিত করে সম্পত্তি ছোট ছেলেকে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার নিয়ে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লাহর মধ্যে কথাকাটাকাটি হয়। দুই ভাই মায়ের মরদেহ সামনে রেখে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় মায়ের মরদেহ স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হয়েছেন। দাফনের পর স্থানীয়রা বৈঠক করে পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তি করবে।







