ঢাকা: বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনায় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সতর্কতা জারি করেছে। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে ১০টি বিশেষ নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপত্তা জোরদার করতে ১০টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল বা লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা।
অন্যদিকে কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছিল। বৈঠকে লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করার ঘটনা উল্লেখ করা হয়। একই সঙ্গে বেবিচকের ওয়েবসাইটেও সম্প্রতি সাইবার হামলার চেষ্টা হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।






