লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এর আগে ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়।
থানা পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিলেন না।
এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী বলেন, আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি এবং কখনো নোংরা রাজনীতি করিনি। ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র এনে সেখানে রেখেছে, আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটি একটি ষড়যন্ত্র। আমি পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরে থাকি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়েছে। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।






