প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, “কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না….আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে বলতে চাই। কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।”
বুধবার (২২ অক্টোবর) আগারগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে (ইটিআিই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতায় থাকব। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোন আদেশ দিব না। অন্যায় কোন হুকুম দিব না।…আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন। ”
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সিইসি বলেন, “যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আমাদের দেশের যে এই দুরবস্থার একটা মূল কারণ হল – আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি।”
সিইসি আরও বলেন,“ আমরা চাই সর্বস্তরের আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।”






