শিক্ষকদের আপত্তি সত্ত্বেও আগামী শিক্ষাবর্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার।
বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় উপস্থিত শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে লটারি প্রথা বাতিল করা একটি বড় ব্যাপার। এই ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারই নিতে পারে। তাই বিদ্যমান পদ্ধতিই বহাল রাখা হয়েছে।
এর আগে সরকারি স্কুলের শিক্ষকরা লটারির বদলে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন জানায়।








