মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের আব্দুল মজিদ মিস্ত্রি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের ৮টি মোবাইল ফোন, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য নুর উদ্দিন বলেন, ‘রাত তিনটার দিকে ১৩—১৫ জনের একটি ডাকাতদল রামদা, চাইনিজ কুঠারসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগে সবাইকে জিম্মি করে আমার ভাবী কাজলের গলায় ছুরি ধরে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এরপর তারা আমার ঘরে এসে আমার হাত—পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’
ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য সাহেদা আক্তার বলেন, ‘আমরা একই ছাদের নিচে ১০ কক্ষ বিশিষ্ট একটি ভবনে আমার দুই দেবর ও এক ননদসহ আমরা ৪ পরিবার বসবাস করি। রাত তিনটার দিকে প্রথমে ডাকাতদল আমার মেজো দেবর মহি উদ্দিনের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কাজলের গলায় ছুরি ধরে ঘরের মালামাল লুট করে। এরপর তারা ছোট দেবর নুর উদ্দিনের ঘরে প্রবেশ করে ডাকাতি করে। তাদের উপস্থিতি টের পেয়ে আমি প্রতিবেশীদের মোবাইল ফোনে বিষয়টি জানালে ডাকাতদল দ্রুত মালামাল ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা নুরুল করিম বাবলু বলেন, ‘বাড়িটি ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় ডাকাতদল সহজে সবকিছু লুট করে নিয়ে গেছে।’
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ডিউটি করেছি। রাতদিন কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। লিখিত অভিযোগ না পেলেও আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের একাধিক টিম এবং ডিবির টিম এই বিষয়ে কাজ করছে। শীঘ্রই জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







