রাজধানীসহ বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা চারটি যানবাহনে আগুন দিয়েছে। এছাড়া কয়েক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটিয়েছে তারা।
জানা গেছে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে এবং ময়মনসিংসে কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয় শনিবার রাতে। রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে ভোর পৌনে ৪টার দিকে আগুন দেওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
ময়মনসিংহ নগরীতে পার্কিং করে রাখা কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
“কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।”
এদিকে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সন্ধ্যার পর যেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ভাবে তা নিভিয়ে ফেলাও হয়।
আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা






