দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। গত কয়েক বছরের মত এবারো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শুক্রবার সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আমরা সব প্রস্তুতি নিয়েছি, অনলাইনে ঘরে বসেই শিক্ষার্থীরা আবেদন করে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে ফি পরিশোধ করতে পারবেন। ভর্তির আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।’
https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে ৫ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত। আগেরবার অনলাইনে আবেদন ফি ১১০ টাকা থাকলেও এবার ১০ টাকা কমানো হয়েছে।
লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি চলবে।
এবারও ভর্তির ক্ষেত্রে দুইটি অপেক্ষমান তালিকা ও ওয়েটিং লিস্ট থাকবে। ভর্তি কমিটি বলছে, ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তির পাবে।
আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলার উপজেলা সদরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করা যাবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম নির্বাচন হয়েছে বলে বিবেচনা করা হবে।







