মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে ছোট ফরিংগা বিজিবি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪ টার দিকে বিজিবির ছোট ফরিংগা বিওপি থেকে পরিচালিত অভিযানে ভারতীয় গরুগুলো জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল মধ্যরাতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪ টার দিকে ভারতীয় চোরাকারবারী একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু প্রবেশের চেষ্টা করে। টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে দ্রুত ভারতীয় সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশরোধে বাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে ছোট ফরিংগা সীমান্তটি চোরাচালানকারীদের সক্রিয় এলাকায় পরিণত হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং রহস্যজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।







