অন্যের নাম ব্যবহার করে চিঠি পাঠাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর সহযোগী অধ্যাপক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ আমজাদ হোসেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন [যার নং- ২৫০৮] যবিপ্রবির উপ-রেজিস্ট্রার জনাব তহিদুল ইসলাম । মূলত, জনাব তহিদুল ইসলামের নাম, পরিচয় ও মোবাইল নাম্বার ব্যবহার করেই ড. আমজাদ যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসের মাধ্যমে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে তিনটি চিঠি প্রেরণ করতে যান।
চিঠি বুকিংয়ের সময় তহিদুল ইসলামের মোবাইল নাম্বার ব্যবহার করায় তার ফোনে পরপর তিনটি SMS আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসে যোগাযোগ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ করে সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এরপর তিনি বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে ওই চিঠি পোস্ট অফিসের হেফাজতে থাকায় তাতে কি তথ্য আছে তা জানা সম্ভব হয়নি।
জিডিতে বাদী তহিদুল ইসলাম উল্লেখ করেন, তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা ২৪ মিনিটে তহিদুলের মোবাইল নাম্বারে পরপর তিনটি SMS আসে যে বাংলাদেশ পোস্ট অফিস, যশোর শাখা থেকে চিঠি বুক করা হয়েছে। উক্ত চিঠির খামে তার নাম, অফিসের ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করা হয়, যা তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেন তিনি। অন্যদিকে পোস্ট অফিস থেকে জানা যায়, উক্ত ঘটনার পর থেকে ড. আমজাদ বিভিন্ন উপায়ে উক্ত চিঠি গুলি ফেরত নেবার চেষ্টা করছেন এমনকি তিনি পোস্ট অফিসের সংশ্লিষ্ট কর্মচারিদের সাথে দুর্ব্যবহারও করেন।
যবিপ্রবি হতে বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ড. মোঃ আমজাদ হোসেন পূর্বেও বেনামে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে অনেক জায়গায় চিঠি প্রেরণ করতেন। অনেকে মন্তব্য করেন পূর্বে এসব অন্যায়ের কোন শাস্তি না হওয়ার প্রেক্ষিতে আজকের এই পরিস্থিতির তৈরী হয়েছে। একজন শিক্ষার্থী মন্তব্য করেন ঘটনা সত্য হলে ড. আমজাদ হোসেন কে গুরুত্বপূর্ণ ও সম্মানীয় ডিন পদ হতে অব্যাহতি দেওয়া উচিত এবং তার যথোপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।
এখন দেখার বিষয় যবিপ্রবি প্রশাসন ড. মোঃ আমজাদ হোসেনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন।








