অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দিলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রবিবার ইমরানের বিরুদ্ধে হতে যাওয়া অনাস্থা পদক্ষেপকে সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরুদ্ধে অ্যাখায়িত করে খারিজ করে দিয়েছেন স্পিকার। প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
এর আগে, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরির সভাপতিত্বে আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরু হয়। অধিবেশের শুরুতেই সংক্ষিপ্ত সময়ের জন্য বক্তব্য রাখেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, সংবিধানের ৫ এর ১ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। এসময় তিনি প্রধানমন্ত্রীর পূর্বের কথাগুলো তুলে ধরে বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে।
অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় এসময় অধিবেশন হট্টগোল শুরু হয়ে যায়। একপর্যায়ে বিরোধী দলের নেতারা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন।
অনাস্থা প্রস্তাব খারিজের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, বিরোধীদলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন নতুন নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণই ঠিক করবে, তারা কার হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে চায়।
তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্টকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছি। পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ। জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক, তারা কাকে বেছে নিতে চান। বিদেশি ষড়যন্ত্রকে কিছুতেই সফল হতে দেব না আমরা।’






