শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ।
রোববার (১৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত এই প্যানেল বাধ্যতামূলকভাবে মানবে না।
মোস্তাকিম বিল্লাহ লিখেছেন, “আমাদের প্যানেল ছাত্রদলের কোন একক প্যানেল নয়। এখানে অর্ধেকের মত স্বতন্ত্র প্রার্থীও আছে। আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবো। ইনশাআল্লাহ, শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।”
এর আগে আজ সকাল ১০টার পর থেকে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হন। তারা তিন দফা দাবি জানান।
প্রথম দাবি ছিল পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের। ছাত্রদলের অভিযোগ, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করছে।
দ্বিতীয়ত, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। ছাত্রদল বলেছে, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ থেকে কমিশনকে বিরত থাকতে হবে।
তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়। ছাত্রদল অভিযোগ করেছে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাবিপ্রবি শাকসু নির্বাচন বিষয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।








