স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ইয়াং জেনারেশন সব থেকে বেশি কষ্টে আছেন। বেকারত্ব দূর করতে বিএ, এমএ ডিগ্রি বন্ধ করে দেয়ার আহ্বান জানান তিনি। দেশের ৫১ শতাংশ মানুষও তার সঙ্গে একমত পোষণ করেছেন।
দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সঙ্গে একমত হননি। আর অবশিষ্ট ৩ শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি।
গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট তিন হাজার ৪৮০ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এক হাজার ৭৬২ জন এবং ‘না’ ভোট দিয়েছেন এক হাজার ৬১৩ জন। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ১০৫ জন।
জরিপে প্রশ্ন করা হয়েছিলো, বেকারত্ব দূর করতে বিএ-এমএ ডিগ্রি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের—আপনিও কি তাই মনে করেন? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেকারত্ব নিয়ে কথা বলেন। মন্ত্রী এসময় আরো বলেন, আমাদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে কী প্রডিউস করছি আমরা। আমাদের ছেলে-মেয়েরা বিদেশে যেতে পারেন না। টাকাও অনেক লাগে। তবে আমাদের এখানে যদি টেকনিক্যাল টেনিং ইনস্টিটিউট বাড়াতে পারি, ওই স্কুল-কলেজগুলোর ফান্ডিং বন্ধ করে দিয়ে তাহলে আমাদের বিশাল এই জনশক্তি কাজে লাগাতে পারবো। আমার মেনে হয় এটার ওপর সবার গুরুত্ব দেয়া উচিত।
দৈনিক শিক্ষাডটকম








