মাহমুদুল হাসান আরিন
প্রতিবেদক,
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ পহেলা এপ্রিল থেকে নতুন উদ্যমে পুনরায় চালু হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ছাত্র ও ছাত্রী হোস্টেলের ডাইনিং ব্যবস্থা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় শিক্ষকদের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের পরিচালনায় এই ডাইনিং কার্যক্রম চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাইনিং কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। যার সমাধানের ধারাবাহিকতায় নতুন করে চালু হওয়া ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে। ডাইনিং এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট ক্যান্টিন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে পরিবর্তনের মাধ্যমে নতুন সদস্য যুক্ত হয়ে ক্যান্টিন পরিচালনা আরোও বেগবান হবে বলে সকলের প্রত্যাশা।
আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে ডাইনিং কার্যক্রম শুরু হয়। এ সময় নিটারের সম্মানিত ডিরেক্টর জনাব আশিকুল আলম রানা স্যার ডাইনিং পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে, সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের খাবার সরবরাহ করতে এবং ডাইনিং এর পরিসর বাড়ানোর ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
একাধিক শিক্ষার্থী জানান, ডাইনিং চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ হবে এবং তারা আশা প্রকাশ করেন যেন নিয়মিতভাবে মানসম্মত খাবার নিশ্চিত করতে ক্যান্টিন সর্বদা সক্রিয় থাকবে। ক্যান্টিন ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সাথে কথা বললে তারা জানান, শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তাই শিক্ষার্থীদের থেকে নিয়মিত ফিডব্যাক নিয়েই তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা সাজাতে চান। প্রসঙ্গত, বিভিন্ন কারণে গত কয়েক মাস ধরে নিটারের ডাইনিং ব্যবস্থা বন্ধ ছিল। পুনরায় চালুর মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।







