সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের একটি স্মার্টফোন। মূলত ফোনটি ছিনতাই হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। যদিও ছিনতাইয়ের বিষয় নয়, বরং ভিক্ষুকের হাতে এত দামের ফোন- সেটিই আলোচনার বিষয়।
আটক ছিনতাইকারী এবং নিজের স্মার্টফোনসহ ভিক্ষুক সোলেমান
জানা যায়, গত শনিবার অর্থাৎ ৯ এপ্রিল সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফোনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসন ছিনতাইকারীকে ধরে ফোনটি উদ্ধার করে। শামিম নামের ছিনতাইকারীকে আটক করে থানা হাজতে পাঠানো হয়। এরপর বিষয়টি আলোচনায় আসে। তবে ছিনতাই ও ছিনতাইকারী আটকের চেয়ে ভিক্ষুকের হাতে এত দামের ফোন থাকার বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে বেশি আলোচনা হয়।
অবশ্য সামাজিক মাধ্যমে ফোনটির দাম ২৬ হাজার বলা হলেও খোঁজ নিয়ে জানা যায়, ভিক্ষুকের ওই ফোনটির দাম ১৩ হাজার টাকা। যাই হোক, ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধারের পর ওই স্মার্টফোন, সেই ভিক্ষুক এবং ছিনতাইকারীর ছবি ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয় নানা মন্তব্য।
আশফাক আসিফ নামের আইডি থেকে লেখা হয়, ভিক্ষুকের হাতের এই স্মার্টফোন প্রমাণ করে যে, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু তার পরও সমালোচকরা বলবে, দেশে উন্নয়ন নেই।
শিলা বিনতে আব্বাস লেখেন, নিজেকে আগে গরিব ভাবতাম। এই ঘটনাটা দেখার পর এখন আসলে কোন লেভেলে চলে গেছি, সেটা আমি নিজেও জানি না।
কেউ কেউ বলেন, যেখানে নিজের ও সংসারের খরচ মেটাতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছে, সেখানে একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে!
নোমান সেলিম নামের আইডি থেকে ছবিটি শেয়ার করে বলা হয়েছে, কুমিল্লাকে নিয়ে নোয়াখালী, বরিশাল ও অন্যান্য জেলাবাসীর এত হিংসে হয় কেনো, জানেন? কুমিল্লা শহরে ভিক্ষারত অবস্থায় এ ভিক্ষুক (ছবির) সাহেবের ২৬ হাজার টাকা দামের মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। পরে পুলিশ হাতেনাতে ছিনতাইকরীকে ধরে ফেলে এবং মোবাইলটি তার প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে।
ফোনটি ছিনতাই ও উদ্ধারের বিষয়ে কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো ঘটনার দিন কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। এক পর্যায়ে তার চিৎকার শুনে এগিয়ে যাই।
পরে জানতে পারি যে, তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হয়ে গেছে। এরপর ফোনটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করি। এক পর্যায়ে ছিনতাইকারী শামিমকে ধরে ফেলি এবং ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি, বলেন নুরু উদ্দিন বাহার।
তিনি জানান, অবসর সময়ে যেন গান শুনতে পারেন, সেজন্য ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন সোলেমান। আটক ছিনতাইকারীকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।






