চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা মিরসরাই থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আমিনুল ইসলাম চট্টগ্রাম নগরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বহুদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সকালে কারখানার পাহারাদার গার্ডরুমে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে যান। কোনো সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করেন। মৃত্যুর আগে আমিনুল কীভাবে পরিত্যক্ত কারখানায় পৌঁছান এবং সেখানে কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








