মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিবৃষ্টিজনিত ঝুঁকির কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় আগামী তিন দিনের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। সোমবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে নয়স্তরবিশিষ্ট খৈয়াছড়া ঝরনা, সহস্রধারা ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, সোনাইছড়া ঝরনা, রূপসী ঝরনা ও বাওয়াছড়া ঝরনাসহ বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত সব পর্যটনকেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন কোনো ঝরনায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় টিকিট বিক্রিও সম্পূর্ণ বন্ধ থাকবে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় জননিরাপত্তার স্বার্থে সাময়িক এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে দেওয়া যাবে না এবং কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না।
এ বিষয়ে জানতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অত্যন্ত প্রবল। এ সময়ে সেখানে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঝুঁকি বিবেচনায় এবারও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।







