চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮টি অসচ্ছল পরিবারের মাঝে গরু বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। রোববার (২৬ জুলাই) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে গরু তুলে দেন।
জানা যায়, গত ৩০ জুন জোরারগঞ্জ থানা পুলিশ পাচারের সময় ১৯টি ভারতীয় গরু জব্দ করে। পরে গত ১২ জুলাই অনুষ্ঠিত নিলামে সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষে গরুগুলো ক্রয় করা হয়। গরুগুলো উপজেলার ১৮টি অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে তারা গরু লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা রফিকুজ্জামান চেয়ারম্যান, মুসা চেয়ারম্যান, মেজবাউল হক মানিক, ইমাম হোসেন বাবলু, শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, রেজাউল করিম, ইয়াছিন মিজান, রেজাউল করিম নোমান, ফজলুল মুরাদ, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, আলা উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা নুর হোসেন চেয়ারম্যান, সালাউদ্দিন আরিফ, গিয়াস উদ্দিন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন এবং ছাত্রদল নেতা নাঈম সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংসদ সদস্য নুরুল আমিন বলেন, নিলামে গরুগুলো ক্রয় করে ১৮টি অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করেছি। আমার প্রত্যাশা, তারা এসব গরু লালন-পালন করে স্বাবলম্বী হবে এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।








