মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দিনভর কর্মব্যস্ততার পর হয়তো পরিবারের সদস্যরা ভেবেছিলেন, রাত শেষে আবারও শুরু হবে নতুন একটি সকাল। কিন্তু রাতের আগুন কেড়ে নিল তিন ভাইয়ের বছরের পর বছর ধরে গড়ে তোলা সব স্বপ্ন। মুহূর্তের ভয়াবহ অগ্নিকাÐে পুড়ে ছাই হয়ে গেছে তিন ভাইয়ের বসতঘর। আগুনের লেলিহান শিখায় হারিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও সংসারের প্রয়োজনীয় সব আসবাবপত্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরুজ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।
অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপন তিন ভাইÑপলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। আগুনের তীব্রতায় পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন তাদের চোখের সামনে শুধু ধ্বংসস্তূপ আর ছাই। যে ঘরে ছিল পরিবারের সুখ-দুঃখের স্মৃতি, সেই ঘরগুলো এখন আগুনের নির্মম সাক্ষী।
ক্ষতিগ্রস্ত দুলাল কান্তি নাথ জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না তারা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। ভয়াবহ আগুনে নিজের ঘরবাড়ি ও সহায়-সম্বল পুড়ে যাওয়ার দৃশ্য দেখে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে ভাঙা ও সরু রাস্তা এবং বিভিন্ন ডিস লাইনের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি আরও জানান, আগুনে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ওই বাড়িতে প্রায় ১০ থেকে ১৫টি বসতঘর ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।









