মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড দেখালেন ছাত্রদলের এক নেতা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি মিরসরাই প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের বসে লালকার্ড প্রদর্শন করেন ওই ছাত্রদল নেতা। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। লাল কার্ড দেখানো ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন পদক্ষেপের প্রশংসা করছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। আবার সমালোচনা করছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি। আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’
এ ব্যাপারে মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, ‘তৌহিদুল ইসলাম নিশান পৌরসভা ছাত্রদলের সদস্য। জামায়াতের ভণ্ডামিকে সে লাল কার্ড দেখিয়েছি। এটা সত্যি প্রসংশার দাবিদার।’
ছাত্রদলের মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক তরিকুর রহমান বাবু বলেন, ‘তেল-গ্যাসের গাড়িতে চড়ে জামায়াত লংমার্চের নামে ভণ্ডামি করছে। গণতন্ত্রের দেশগুলোতে এভাবে প্রতিবাদ করে সবাই। সে জায়গা থেকে তৌহিদুল ইসলাম নিশানের প্রতিবাদটি সত্যি প্রশংসনীয়। তরুণ ছাত্রনেতা হিসেবে তার কাছে মনে হয়েছে এর প্রতিবাদ করা দরকার। তাই সে লাল কার্ড দেখিয়েছে।’








