মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামসেদ হোসেন ওরফে শুভ (২৩), শরিফুল ইসলাম ওরফে জনি (২৬), সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ ওরফে অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মাশরাফি (২০)। তারা মিরসরাইয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেল চোর চক্রের কয়েকজন সদস্য এলাকায় ঘোরাফেরা করে চোরাই মোটরসাইকেল বিক্রির চেষ্টা করছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির একটি পাকা ঘরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি R15 মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল—একটি হিরো ও একটি প্লাটিনা—উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা (নম্বর-২১) দায়ের করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









