মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে মিরসরাইয়ের তাহমিদুল ইসলাম। মাত্র ১২ মাস ৫ দিনে পুরো কোরআন মুখস্থ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের এই খুদে শিক্ষার্থী। তাহমিদুল ইসলামের বয়স হিফজ সম্পন্ন করার সময় ছিল ৯ বছর ৭ মাস ১৮ দিন। সে মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের উরা মিয়া বাড়ির আজিজুল হকের ছেলে।
মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, মাত্র ১২ মাস ৫ দিনে কোরআন হিফজ সম্পন্ন করা তাহমিদুলের এ অর্জন মাদরাসার জন্য গর্বের। ছোট বয়সে এমন সাফল্যের পেছনে তাহমিদুলের মেধা ও কঠোর অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে। একই সঙ্গে তার বাবা-মায়ের ত্যাগ ও নিয়মিত দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘তাহমিদুলের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদরাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে। তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, হিফজ সম্পন্ন করার পুরো সময়ে তাহমিদুল নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছে। তার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে।








