কক্সবাজার: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারসমূহের পুনর্বাসনের কাজ সম্পন্ন করা হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনকল্যাণে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে নাফ নদীর পোল্ডারসমূহের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ ও সংশোধনের পরও প্রকল্পটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ্যানি চৌধুরী আরো বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ সবকিছু বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় নাফ নদী সীমান্ত সড়ক পোল্ডার সমূহের পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







