মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে
পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমন (২৫) কে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সারগুলো জব্দ করে।
পুলিশ জানায়, জব্দকৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১) নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। তল্লাশির সময় ট্রাক থেকে ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুইটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







