লক্ষ্মীপুরের রায়পুর থানা হেফাজতে রয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী।
তার নাম মিম ইসলাম আলিফা। সোমবার রাত থেকে সে থানা হেফাজতে থাকলেও এখন পর্যন্ত তার কোনো বৈধ অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় কিশোরীটির পরিবারের সদস্য কিংবা পরিচিতজনদের খুঁজে পেতে সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিম ইসলাম আলিফার বাবার নাম সাদ্দাম হোসেন এবং মায়ের নাম আসমা বেগম। তাদের স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায়। বর্তমানে তারা লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী এলাকায় বসবাস করেন বলে জানা গেছে এবং লক্ষ্মীপুর মহিলা মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। তার বাবা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে প্রবাসী এবং মা গৃহিণী।
১৫ বছর বয়সী এই কিশোরী বর্তমানে রায়পুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা আইনগত অভিভাবকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বৈধ অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা কিশোরীটির পরিচিতজন, আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। কেউ তার পরিবারের সন্ধান জানলে অথবা অভিভাবকদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে রায়পুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
একটি কিশোরীর নিরাপদ ভবিষ্যৎ ও পরিবারের কাছে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।







