জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন এবং চোরাগোপ্তা হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি।
এসব নাশকতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও দল দুটি আপাতত কেন্দ্রীয়ভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে না। তবে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দলীয় কিংবা জোটগত কর্মসূচি দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে এ ধরনের নাশকতা চালানো সম্ভব নয়।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ঘোষণা দেয়। এরপর গত রোববার রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ শুরু হয়। পরদিন সোমবার রাতে নাশকতার মাত্রা আরও বেড়ে যায়।
সরকার ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা এসব নাশকতা চালাচ্ছেন। বিদেশে পলাতক নেতারা তাঁদের উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য অর্থ পাঠাচ্ছেন।
এর আগে আওয়ামী লীগের নাশকতা ঘিরে জামায়াত যতটা সরব ছিল, এবার তাদের প্রতিক্রিয়া তুলনামূলক কম। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতা ও নাশকতা ঠেকানোর মূল দায়িত্ব সরকারের। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দলের নেতা-কর্মীরাও বর্তমান পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন।
গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাশকতার ঘটনায় সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার নিষ্ক্রিয়তা এবং একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয় এবং এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না।
তবে দলীয় সূত্র দাবি করেছে, ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার বা নাশকতা করার তথ্য পাওয়া গেলে জামায়াতের নেতা-কর্মীরা তা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে দলীয় বা জোটগত কর্মসূচি দেওয়ার বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।
বিরোধী দল বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে; তবে পরিস্থিতি গুরুতর হলে জামায়াত কর্মসূচি দেওয়ার কথা ভাববে।
‘বোঝাপড়া’ দেখছে এনসিপি
অনলাইনে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন ও সতর্ক পাহারায় ছিলেন এনসিপির নেতা–কর্মীরা। তবে দলটি কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। অথচ এর আগে আওয়ামী লীগ বা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠনের যেকোনো কর্মসূচির বিরুদ্ধে তাদের শক্ত ও সোচ্চার অবস্থান ছিল।
এ বিষয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গত বুধবার বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। কিন্তু বর্তমানে যা ঘটছে, তা সরকার ও আওয়ামী লীগের তলেতলে আঁতাতের ফসল। তাঁরা সরকারের এই গেম প্ল্যানের অংশ হবেন না বলে জানান তিনি। তাঁর মতে, সত্যিকারের কোনো হুমকি তৈরি হলেই কেবল এনসিপি মাঠে নামবে।
এদিকে সাম্প্রতিক নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। গত মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি বা রাজনীতি করতে পারেনি, তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার কোনো দ্বিধা করবে না।
বিরোধী দলের বৈঠকে আলোচনা
জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকেও সারা দেশে সংঘটিত নাশকতার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত মঙ্গলবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে সর্বদা তৎপর থাকবে।
ওই বৈঠকে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম প্রতিহত করতে সরকার ব্যর্থ হয়েছে। সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।









