চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি চাটখিল (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. রাসেল (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় তাঁর সাবেক স্ত্রী মুক্তা বেগম, সাবেক স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিক সেলিম এবং এক শ্যালিকাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ ও নোয়াখালী স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ন (এসআরবি’র) একটি দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।
নোয়াখালী জেলায় (এসআরবি) জানান, রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে চাটখিল থানা পুলিশের একটি দল, নোয়াখালী জেলা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহযোগিতায়, ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহত রাসেলের সাবেক স্ত্রী মুক্তা বেগম(২৬), তাঁর সাবেক স্ত্রীর কথিত প্রেমিক সেলিম (৩২) এবং শ্যালিকা নাদিয়া সুলতানা রত্না(২৪)। তবে হত্যাকাণ্ডে তাঁদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা কী, সে বিষয়ে তদন্তসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাসেল হত্যার প্রকৃত কারণ, হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার দুপুরে এসআরবি-১১ব্যাটেলিয়ান নোয়াখালী জেলা কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড এ বিষয়ে সাংবাদিকদেরকে ব্রিফিং করে জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলা কারাগারের পালন করা হয়েছে।







