মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ময়নাতদন্ত শেষে শনিবার (১৪ নভেম্বর) নিহতের মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
নিহত মীর হোসেন একই গ্রামেরই মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন বৃদ্ধ মীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নিলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারে সদস্যদের নাম না কাটলে তারা মরদেহ দাফন করতে দিবেন না বলে জানান। এসময় মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হয়।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনে বাধা দেওয়া কিংবা মামলা তুলে নিতে চাপ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী লাশ দাফনের জন্য প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।







