প্রেস বিজ্ঞপ্তি
মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (এসইএসডিপি) আওতাধীন ১২২ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আত্তীকরণ সংক্রান্ত সচিবালয়ের গোপন নথিপত্র বাইরে ফাঁস হওয়া এবং এর নেপথ্যে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা নির্মল, আলাউদ্দিন, সমর কান্তি ও আব্দুল্লাহ আল মামুন গং এই ১২২ জন কর্মকর্তার আত্তীকরণ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। প্রকল্পের বাকি হাজারো কর্মকর্তা-
কর্মচারীকে বঞ্চিত করে একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়ার এই প্রক্রিয়ায় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি এবং কর্মস্থল ত্যাগ করে নিয়মিত সচিবালয়ে যাতায়াতকারী ওই ১২২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীরা জানান, এসইএসডিপি প্রকল্পের কর্মকর্তাদের আত্তীকরণ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে
আদালতে চলমান রয়েছে। পাশাপাশি সেসিপ (SESIP) প্রকল্পের কর্মকর্তাদের আত্তীকরণ বিষয়ক মামলাও আদালতে বিচারাধীন। আইনি প্রক্রিয়া ও বিচারাধীন এসব মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবেক ছাত্রলীগ নেতাদের নেতৃত্বাধীন এই ১২২ জন কর্মকর্তার আত্তীকরণের বিষয়ে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিভিন্ন মহলের অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালে ১/১১ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচন আয়োজনে মাঠ পর্যায়ে তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকায় মাঠ পর্যায়ে পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড পরিচালনা করা তাদের জন্য সহজ ছিল। বর্তমানে বিএনপি, জামায়াতসহ ২০২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ মনে করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদগুলোতে বিগত সরকারের ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তারা বহাল থাকলে সরকারের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তাদের বিরুদ্ধে ওঠা নানাবিধ দুর্নীতি ও দায়িত্ব অবহেলার বিষয়গুলো ইতিপূর্বে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিশেষ উদ্বেগ ও গোয়েন্দা তদন্তের দাবি: সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রেক্ষাপটে ওই কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, বিগত ফ্যাসিবাদী আমলে যারা আওয়ামীপন্থী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাথে কাজ করেছিলেন, অভিযুক্ত এই কর্মকর্তারা বর্তমানে তাদের সাথে গোপনে যোগাযোগ বৃদ্ধি করেছেন। পাশাপাশি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুজবকে কেন্দ্র করে উৎসুক এই কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে গোপনে অর্থ সংগ্রহ করেছেন বলেও আলোচিত হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রে এই অর্থ ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জোর দাবি জানানো হয়েছে।
সচেতন মহল ও ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আদালতে চলমান এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আত্তীকরণ কার্যক্রম স্থগিত রাখা, সচিবালয়ের নথি ফাঁসের ঘটনা তদন্ত, অভিযুক্ত ১২২ কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিতির জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অর্থ সংগ্রহের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।








